খোয়াই নদীতে সেতুর অভাবে দুর্ভোগে ১৭ গ্রামের ৩০ হাজার মানুষ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর হাসারগাঁও এলাকায় একটি সেতুর অভাবে কয়েক যুগ ধরে চরম দুর্ভোগে রয়েছেন অন্তত ১৭ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। স্বাধীনতার পর থেকে এলাকাবাসী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি সেই দাবি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ছোট খেয়া নৌকায় নদী পারাপার করতে বাধ্য হচ্ছেন নারী-পুরুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীরা।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে মন্ত্রী, সংসদ সদস্য এবং জনপ্রতিনিধিরা এলাকা পরিদর্শন করে সেতু নির্মাণের আশ্বাস দিলেও তা কখনো বাস্তব রূপ পায়নি। বছরের পর বছর কেটে গেলেও দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, হাসারগাঁও-গোলগাঁও ঘাটে একটি ছোট খেয়া নৌকার মাধ্যমে পারাপার চলছে। নদীর অপর প্রান্তে রয়েছে একটি মাদ্রাসা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি কমিউনিটি ক্লিনিক। প্রতিদিন এসব প্রতিষ্ঠানে যেতে শিক্ষার্থী, শিক্ষক, রোগী ও সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণভাবে নদী পার হতে হয়।
বর্ষা মৌসুমে খোয়াই নদীর পানি ও স্রোত বেড়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তখন নৌকায় পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না, আবার জরুরি রোগীদের হাসপাতালে নেওয়াও হয়ে ওঠে দুরূহ। স্থানীয়দের ভাষ্য, একটি সেতুর অভাবে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং দৈনন্দিন জীবনযাত্রা—সব ক্ষেত্রেই ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, “অনেক বছর ধরে শুনে আসছি এখানে একটি ব্রিজ হবে। এখন বয়সের ভারে ন্যুব্জ হয়ে গেছি, কিন্তু ব্রিজের মুখ আর দেখলাম না। মনে হয় মৃত্যুর আগেও এটি দেখে যেতে পারব না।”
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে অবগত হলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেতু নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।”
এদিকে দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে দ্রুত প্রকল্প অনুমোদন দিয়ে খোয়াই নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের বিশ্বাস, সেতুটি নির্মিত হলে শুধু ১৭ গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে না, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি ফিরে আসবে।

আপনার মতামত লিখুন