৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী
এক ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ছবি: সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণাঞ্চলে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে অন্তত ৪৮ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২৫ জুলাই) ফিলিস্তিনি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনের সরকারি ‘ভয়েস অব প্যালেস্টাইন’ রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুসের পশ্চিমে অবস্থিত তেল শহরে চলমান অভিযানে ৪০ জনের বেশি তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পশ্চিম তীরের অন্যান্য এলাকা থেকে আরও আটজনকে আটক করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনারা শহরের একটি বাড়ি দখল করে সেটিকে অস্থায়ী জিজ্ঞাসাবাদ কেন্দ্রে রূপান্তর করেছে। একই সঙ্গে শহরটিকে চারদিক থেকে ঘিরে রেখে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে।
এর আগে শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ পশ্চিম তীরের বিভিন্ন ফিলিস্তিনি গ্রামে বৃহৎ পরিসরের সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। অবৈধ হাভাত গিলাদ বসতির কাছে এক হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত এবং তিনজন আহত হওয়ার পর এই নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সামরিক অভিযানের পর নাবলুস গভর্নরেটের কয়েকটি ফিলিস্তিনি এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়ে বাড়িঘর ও অন্যান্য সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার তেল শহরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় চার ফিলিস্তিনি নিহত হন।
এদিকে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ভোরের আগে জেনিন শহরসহ গভর্নরেটের বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযানের কারণে এলাকাজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন