‘ফ্রেন্ডস’ বলা সেই ভিডিওতেই বিশ্বরেকর্ড গড়লেন মোদি
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইনস্টাগ্রামে প্রকাশ করা একটি সংক্ষিপ্ত রিল ভিডিও নতুন বিশ্বরেকর্ড গড়েছে। প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৩০ কোটির বেশি (৩০০ মিলিয়নেরও বেশি) ভিউ পেয়ে ইনস্টাগ্রামের ইতিহাসে একক ভিডিও হিসেবে সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড স্পর্শ করেছে।
সম্প্রতি ভারতে শিক্ষার্থী আন্দোলনের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে ভিন্ন কৌশল নেন মোদি। জেন-জি প্রজন্মের জনপ্রিয় শর্ট ভিডিও ফরম্যাটে তিনি টানা দুটি রিল প্রকাশ করেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ও শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে ধারণ করা ভিডিও দুটিতে তাকে স্বাভাবিক ও অনানুষ্ঠানিক ভঙ্গিতে কথা বলতে দেখা যায়।
এর আগে ইনস্টাগ্রাম রিলে সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড ছিল জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড-এর দখলে। বিশ্বকাপ ফাইনালের পর কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় ধারণ করা তার একটি ভিডিও সেই রেকর্ড গড়েছিল। তবে মোদির নতুন ভিডিওটি সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।
এদিকে, ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের সূত্রপাত হয় নিট (NEET) মেডিকেল ভর্তি পরীক্ষাকে ঘিরে। গত ৩ মে অনুষ্ঠিত পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ার পর ১২ মে সেটি বাতিল করা হয়। এরপর আন্দোলন আরও বেগবান হয়।
পরবর্তীতে আন্দোলনকারী ছাত্রনেতা অভিজিৎ দীপ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে একটি সংগঠন গঠন করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক মন্তব্যকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক এই নামটি বেছে নেওয়া হয়। সংগঠনটি অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল সমর্থন পায় এবং তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে কর্মসূচি শুরু করে।
ব্যাপক আন্দোলনের মুখে শেষ পর্যন্ত শনিবার (২৫ জুলাই) ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণদের মধ্যে বাড়তে থাকা অসন্তোষের প্রেক্ষাপটে নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরির কৌশল হিসেবেই মোদি এই ধরনের রিল ভিডিও প্রকাশ করেছেন। যদিও তার দল দাবি করেছে, এটি ছিল তরুণদের সঙ্গে আরও স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণভাবে যুক্ত হওয়ার একটি উদ্যোগ।
বিশ্লেষকদের মতে, অল্প সময়ের মধ্যে রেকর্ডসংখ্যক ভিউ পাওয়ার ঘটনা ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাব ও ডিজিটাল প্ল্যাটফর্মের জনপ্রিয়তারই আরেকটি উদাহরণ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন