দলিল লেখকের বাড়ি থেকে ১১ চোরাই গরু উদ্ধার
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১১টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) গভীর রাতে চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর গ্রামের দলিল লেখক রিংকু রায়ের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে সেখান থেকে ১১টি গরু উদ্ধার করা হয়। পরে শায়েস্তাগঞ্জ থানায় দায়ের হওয়া একটি গরু চুরির মামলার সূত্র ধরে দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া ১১টি গরু মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। পাশাপাশি গরুগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।
চোরাই গরু উদ্ধারের বিষয়ে জানতে দলিল লেখক রিংকু রায়ের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরকার বলেন, ‘আমি জেনেছি রিংকু রায়ের বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।’
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গরু চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।’
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন