জাপানে শক্তিশালী ভূমিকম্প: মৃত বেড়ে ২৮
ছবি: সংগৃহীত
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, বিদ্যুৎ অবকাঠামো ও বিভিন্ন স্থাপনা। খবর বিবিসির।
গত মঙ্গলবার কিউশু দ্বীপের কুমামোতো প্রদেশে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকেই ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা।
ভূমিকম্পের পর কাশিমা এলাকার একটি শপিংমলের দ্বিতীয় তলার একটি অংশ ধসে পড়ে। প্রায় এক ঘণ্টা পর সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে কয়েকজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি গ্যাস বিস্ফোরণ হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এদিকে, ভূমিকম্পে বাস্তুচ্যুত প্রায় ৯ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তীব্র গরম তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কুমামোতো অঞ্চলে আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তাই হিটস্ট্রোক এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
পরিস্থিতি মোকাবিলায় জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি কুমামোতোতে ৩০০টি এয়ার কন্ডিশনার পাঠানোর ঘোষণা দিয়েছেন। এর মধ্যে ১৫০টি আশ্রয়কেন্দ্রে স্থাপন করা হবে বলে জানানো হয়েছে।
ভূমিকম্পের পর বুধবার পর্যন্ত ৩০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিহীন ছিল। এছাড়া মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১০০টির বেশি পরাঘাত (আফটারশক) রেকর্ড করা হয়েছে। নতুন করে ভূমিকম্পের আশঙ্কায় অনেক বাসিন্দা নিজেদের গাড়িতেই রাত কাটাচ্ছেন।
অন্যদিকে, কুমামোতোর একটি নিপ্পন পেপার কারখানার একটি অংশ ধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ভবনটিতে আটকে পড়া ১১ জনের মধ্যে সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া ভূমিকম্পের সময় একটি ক্যাট ক্যাফেতে আটকে পড়া ২৫টি বিড়ালকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে কুমামোতোসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে বলেন, “৭৫ বছর বয়সে এমন শক্তিশালী ভূমিকম্প আমি আগে কখনও দেখিনি।”
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন