খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র, ১৪৩৩

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরকারি নিয়োগপত্র তুলে দেওয়ার মাধ্যমে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তিনি তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।

প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। তাদের ভাষ্য, নতুন এই কর্মজীবন তাদের জন্য আত্মনির্ভরশীলতা ও নতুন স্বপ্নের দ্বার উন্মোচন করেছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে আয়শা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই দুই হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আয়শা আক্তারও পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। দুই হাত না থাকায় তিনি মুখ দিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল। নিয়োগপত্র প্রদান শেষে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

 যোগফল প্রতিবেদক:

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সেখানেই জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের সঙ্গে দেখা হয়েছে তার। তাসকিন ও তার পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করে শাবনূর জানান, সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে তাসকিন আহমেদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়েছে। প্রিয় ক্রিকেটারের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে আনন্দঘন বলেও উল্লেখ করেন তিনি।

তাসকিন ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাবনূর লিখেছেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।’

তাসকিনের ক্রিকেটীয় সাফল্যেরও প্রশংসা করেছেন শাবনূর। জাতীয় দলের এই পেসারকে দেশের গর্ব উল্লেখ করে তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেছেন।

শাবনূরের এমন পোস্টের পর তাসকিনের সঙ্গে তার সাক্ষাৎ ও পারিবারিক আড্ডার বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে তাদের আনন্দঘন সময় কাটানোর মুহূর্ত ফুটে উঠেছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মিয়ানমারে পাচারের সময় ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মিয়ানমারে পাচারের সময় ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন আটক

 যোগফল প্রতিবেদক:

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় নোয়াখালীর হাতিয়ায় ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।

তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানার মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। এ সময় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৫৯৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ১২ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৩ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

 যোগফল প্রতিবেদক:

কুমিল্লার নাঙ্গলকোটে পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলাল হোসেন শিমুন ও পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অহিদ উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার গোত্রশাল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বেলাল হোসেন শিমুন গোত্রশাল গ্রামের মরহুম তাজুল ইসলাম মেম্বারের ছেলে। অপর গ্রেপ্তার অহিদ উল্লাহ একই গ্রামের মরহুম আমান উল্লাহর ছেলে।

নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আবদুর রাজ্জাক সুমন গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ সংশ্লিষ্ট নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, গ্রেপ্তার দুজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা রয়েছে। শনিবার তাদের কুমিল্লার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম