‘আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না’—রুডি ফেলার
জার্মান ফুটবল কিংবদন্তি ও জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) স্পোর্টস ডিরেক্টর রুডি ফেলার আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আর্জেন্টিনার ফুটবল তার কাছে আদর্শ নয়, এমনকি সেটিকে তিনি ‘ফুটবল’ বলতেও রাজি নন।
জার্মান কোচ অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক কোচ কনফারেন্সে ২০২৬ ফিফা বিশ্বকাপে জার্মানির ব্যর্থতা এবং ভবিষ্যতে উন্নতির পথ নিয়ে আলোচনা করতে গিয়ে এ মন্তব্য করেন ফেলার।
তিনি বলেন, জার্মান দলের সবচেয়ে বেশি উন্নতি প্রয়োজন রক্ষণভাগে। তবে অনেকেই এই বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন, যা তার কাছে একেবারেই গ্রহণযোগ্য মনে হয়নি।
ফেলারের ভাষায়, “আমি বলেছিলাম জার্মানির আরও ভালোভাবে ডিফেন্ড করা প্রয়োজন। কিন্তু অনেকেই আর্জেন্টিনাকে উদাহরণ হিসেবে টেনেছেন। আমার কাছে এটি খুবই বাজে উদাহরণ মনে হয়েছে। রাতারাতি আর্জেন্টিনাই যেন সবকিছুর মানদণ্ড হয়ে গেল। এসব আলোচনা আমার কাছে ভণ্ডামি বলেই মনে হয়েছে।”
এরপর আরও কঠোর ভাষায় তিনি বলেন, “আমি কখনোই এমন কোনো দল চাই না, যারা আর্জেন্টিনার মতো খেলে। ওটাকে তো ফুটবলই বলা যায় না।”
জার্মান সংবাদমাধ্যম বিল্ড–এর তথ্য অনুযায়ী, ফেলারের এই মন্তব্যের সময় সম্মেলনে উপস্থিত কোচ ও ফুটবল কর্মকর্তারা হাততালির মাধ্যমে তার বক্তব্যকে সমর্থন জানান।
তবে আর্জেন্টিনার অর্জনকে অস্বীকার করেননি ফেলার। তিনি বলেন, দলটি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে এবং সর্বশেষ বিশ্বকাপে রানার্সআপ হয়েছে। কিন্তু তাদের খেলার ধরন যেভাবে প্রশংসিত হয়েছে, তা তিনি বুঝতে পারেননি।
আর্জেন্টিনার পরিবর্তে স্পেন ও ইংল্যান্ডের রক্ষণভাগকে অনুসরণ করার পরামর্শ দিয়ে ফেলার বলেন, এই দুই দল নিজেদের স্বাভাবিক ফুটবল দর্শন বজায় রেখেই কার্যকর রক্ষণ গড়ে তুলতে সক্ষম হয়েছে।
এদিকে, সাম্প্রতিক বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়েও সমালোচনা রয়েছে। সমালোচকদের দাবি, গুরুত্বপূর্ণ সময়ে দলটি অতিরিক্তভাবে লিওনেল মেসির ব্যক্তিগত নৈপুণ্যের ওপর নির্ভর করেছে। এছাড়া ফাইনালে আক্রমণভাগের নিষ্প্রভ পারফরম্যান্স এবং ম্যাচ-পরবর্তী কিছু আচরণ নিয়েও দলটি সমালোচনার মুখে পড়ে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন