চুল-দাড়ি কেটেও শেষ রক্ষা হয়নি সন্ত্রাসী ডেভিড ইমনের
ছবি: সংগৃহীত
গ্রেপ্তার এড়াতে নিজের চেহারা বদলে ভারতে পালানোর পরিকল্পনা করেছিলেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন। সীমান্ত পাড়ি দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তিনি চুল ও দাড়ির স্টাইল পরিবর্তন করলেও শেষ পর্যন্ত পুলিশের দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্যভিত্তিক অভিযানে যশোর থেকে গ্রেপ্তার হন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
তিনি বলেন, ডেভিড ইমনকে গ্রেপ্তার করা কোনো আকস্মিক অভিযান ছিল না। দীর্ঘদিন ধরে তার গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। বিভিন্ন গোয়েন্দা তথ্য, প্রযুক্তিগত বিশ্লেষণ ও অন্যান্য আলামত যাচাই-বাছাইয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে ডেভিড ইমন নিজের চেহারায় পরিবর্তন আনেন। সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর পরিকল্পনার অংশ হিসেবে তিনি চুল ও দাড়ির স্টাইল বদলে ফেলেন। তবে এসব কৌশলও তাকে আইনের হাত থেকে রক্ষা করতে পারেনি।
তিনি আরও বলেন, ধারাবাহিক গোয়েন্দা তৎপরতা, তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার ফলেই এই অভিযান সফল হয়েছে।
গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ডেভিড ইমনের বিরুদ্ধে দায়ের হওয়া আগের মামলাগুলোতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানান পুলিশ সুপার।
উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে বায়েজিদ থানার একটি দস্যুতা মামলায় কক্সবাজার থেকে গ্রেপ্তার হয়েছিলেন ডেভিড ইমন। তবে গ্রেপ্তারের মাত্র ২২ দিনের মাথায় তিনি জামিনে মুক্তি পান।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন