স্ট্রিট ফুডে বিশ্বের সেরা শহর প্যারিস
ছবি: সংগৃহীত
বিশ্বের সেরা স্ট্রিট ফুডের শহরের নতুন তালিকা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান র্যাডিক্যাল স্টোরেজ। এবার তালিকার শীর্ষস্থান দখল করেছে ফ্রান্সের রাজধানী প্যারিস। খবর ইউরোনিউজের।
গবেষণায় বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণ করা ১০০টি শহরের ৬ হাজার ৮৯৭টি স্ট্রিট ফুড বিক্রেতার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। খাবারের বৈচিত্র্য, চার তারকা বা তার বেশি রেটিং পাওয়া দোকানের সংখ্যা, সাশ্রয়ী খাবারের প্রাপ্যতা, নিরামিষ ও ভেগান খাবারের সুযোগ এবং প্রতি বর্গকিলোমিটারে স্ট্রিট ফুড বিক্রেতার ঘনত্বের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে।
১০-এর মধ্যে ৭ দশমিক ২ স্কোর পেয়ে শীর্ষে রয়েছে প্যারিস। শহরটির ৪০১টি স্ট্রিট ফুড প্রতিষ্ঠানের মধ্যে ৬৯ দশমিক ১ শতাংশ চার তারকা বা তার বেশি রেটিং অর্জন করেছে। এছাড়া প্রতি বর্গকিলোমিটারে গড়ে ৩ দশমিক ৮২টি স্ট্রিট ফুড বিক্রেতা রয়েছে।
তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে গ্রিসের দুটি শহর—এথেন্স ও থেসালোনিকি। এথেন্স ৬ দশমিক ৯ স্কোর পেয়েছে, যেখানে প্রায় ২৯ ধরনের ভিন্ন খাবারের বৈচিত্র্য রয়েছে। আর ৬ দশমিক ১ স্কোর নিয়ে তৃতীয় হয়েছে থেসালোনিকি, যেখানে ৭৭ দশমিক ১ শতাংশ স্ট্রিট ফুড তুলনামূলক সাশ্রয়ী।
গবেষণায় আরও বলা হয়েছে, সবচেয়ে বেশি চার তারকা বা তার বেশি রেটিং পাওয়া স্ট্রিট ফুডের শহর গ্রিসের রোডস। সেখানে ৮২ শতাংশ খাবারের দোকান উচ্চ রেটিং পেয়েছে। অন্যদিকে খাবারের বৈচিত্র্যে সবার ওপরে রয়েছে যুক্তরাজ্যের লন্ডন, যেখানে ৩৯ ধরনের ভিন্ন স্ট্রিট ফুড পাওয়া যায়।
বিশ্বের সেরা ১০ স্ট্রিট ফুড শহর:
১. প্যারিস, ফ্রান্স
২. এথেন্স, গ্রিস
৩. থেসালোনিকি, গ্রিস
৪. বার্সেলোনা, স্পেন
৫. লন্ডন, যুক্তরাজ্য
৬. রোডস, গ্রিস
৭. রোম, ইতালি
৮. হ্যানয়, ভিয়েতনাম
৯. বুদাপেস্ট, হাঙ্গেরি
১০. আমস্টারডাম, নেদারল্যান্ডস
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন