জুলাই শহীদদের স্মরণে জাবি ছাত্রদলের আলোচনা সভা
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘জুলাই গণঅভ্যুত্থান: স্মৃতি, শ্রদ্ধা ও প্রত্যয়ের সন্ধ্যা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
শুক্রবার (৩১ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সাভার-আশুলিয়ার মানুষের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এবং সেই আত্মত্যাগ কখনো বৃথা যাবে না।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক অর্জন নয়। শহীদদের আত্মত্যাগকে দলীয়ভাবে ভাগ করার সুযোগ নেই। তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, মানবাধিকার নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের সম্মিলিত আন্দোলন। তিনি সহাবস্থান, গণতন্ত্র ও শান্তিপূর্ণ ছাত্ররাজনীতির প্রতি ছাত্রদলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণরুম, গেস্টরুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নারী নির্যাতনমুক্ত ক্যাম্পাস গড়তে ছাত্রদল কাজ করে যাচ্ছে।
এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, সদ্য সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রবসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন