প্রেমের অপবাদে দুই শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রেমের অপবাদ দিয়ে এক ছেলে ও এক মেয়ে শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২৭ জুলাই) উপজেলার হাতিয়ারা ইউনিয়নের উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে শুক্রবার (৩১ জুলাই), যখন নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীদের মধ্যে ছেলে শিক্ষার্থী কাশিয়ানী উপজেলার হাতিয়ারা ইউনিয়নের শিবনাথ এলাকার বাসিন্দা এবং বেন্নবাড়ী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে মেয়ে শিক্ষার্থী গোপালগঞ্জ সদর উপজেলার সাতপার ইউনিয়নের বড়ইভিটা গ্রামের বাসিন্দা এবং উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন যুবক প্রেমের মিথ্যা অপবাদ দিয়ে ছেলে শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণের একটি গাছের সঙ্গে বেঁধে মারধর ও গালিগালাজ করে। পরে তাকে ছেড়ে দেওয়ার জন্য ২০ হাজার টাকা দাবি করা হয়।
ছেলে শিক্ষার্থীর পরিবারের দাবি, সন্তানের প্রাণ বাঁচাতে তারা প্রথমে পাঁচ হাজার টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, কয়েকজন যুবক তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলের গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে এবং টাকা দাবি করে। পরে অর্থ দিয়ে তাকে উদ্ধার করা হয়।
এদিকে ঘটনার জেরে সামাজিক অপমান ও মানসিক চাপে মেয়ে শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা শেষে সে বাড়ি ফিরে আসে।
তবে মেয়ে শিক্ষার্থীর পরিবার এ ঘটনায় কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেনি। তার মা ও নানির ভাষ্য, পারিবারিক রাগারাগির জেরেই সে বিষপান করেছে।
ঘটনার বিষয়ে উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ সরকার জানান, ঘটনার সময় তিনি বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। পরে বিষয়টি জানতে পেরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে অবহিত করেছেন।
এদিকে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন মিয়া বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নির্যাতনের ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন