রুশ হামলায় কেঁপে উঠল কিয়েভ, প্রাণ গেল ৯ জনের
ছবি: সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ হামলায় আরও অন্তত ২৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, হামলার পর রাজধানীর বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, হামলার সময় রাজধানীতে ১০টিরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ক্ষেপণাস্ত্রের আঘাতে শহরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, শেভচেঙ্কিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের অংশ ধসে পড়ে। এতে কয়েকজন বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়েন।
জরুরি সেবা সংস্থা জানায়, দারনিৎসকি জেলায় হামলায় অন্তত সাতজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এছাড়া সোলোমিয়ানস্কি জেলায় একটি পাঁচতলা আবাসিক ভবনের অংশ ধসে পড়লে আরও দুইজন নিহত এবং আটজন আহত হন। এখানেও আহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
হামলার প্রভাব পড়েছে কূটনৈতিক এলাকাতেও। লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র দেশটির দূতাবাসের কাছাকাছি আঘাত হানলে দূতাবাসের জানালার কাচ ভেঙে যায় এবং আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।
এদিকে সাম্প্রতিক সময়ে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে যাওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির আকাশ প্রতিরক্ষা জোরদারে আরও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, এই হামলার মাত্র দুই দিন আগেও ইউক্রেনে রাশিয়ার আরেকটি বড় হামলায় অন্তত আটজন নিহত হন। ওই সময় একটি সন্দেহভাজন রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে গিয়ে পড়েছিল, যা আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ সৃষ্টি করে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন