হামের থাবায় আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৮৭২
দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭২ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজন সিলেট বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন রংপুর বিভাগের বাসিন্দা।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৪৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর পরীক্ষায় হামে আক্রান্ত নিশ্চিত হওয়ার পর মারা গেছে ৯৬ শিশু।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮৭ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ জনে। এ সময় পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ১৮০ জন।
এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন