ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তপ্ত কোম্পানীগঞ্জ, ভাঙচুরের অভিযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি বিএনপি কার্যালয় ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।
ঘটনাটি শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিনার দোকান এলাকায় ঘটে। শনিবার (১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।
আহতদের মধ্যে রয়েছেন সিরাজপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. আনোয়ার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী ওমর ফারুক, যুবদল নেতা শরীফ, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি ওসমান গনি শিহাব, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি এনায়েত উল্লাহ রিফাত এবং শিবিরকর্মী নজরুল ইসলাম তামজিদ। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র-জুনিয়র বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও রাতের দিকে তা সংঘর্ষে রূপ নেয়।
সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম দাবি করেন, বিরোধ মেটাতে গেলে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। পরে পরিস্থিতি শান্ত হলেও রাতের দিকে আবার সংঘর্ষ শুরু হয়। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় শিবিরকে দায়ী করা হলেও সেটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
অন্যদিকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু অভিযোগ করেন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে এসে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপি কার্যালয় ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর করা হয় এবং কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, স্কুলের একটি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন