'ভারতের সঙ্গে চুক্তি করেই ক্ষমতায় এসেছে বিএনপি'—জামায়াত নেতা
সিলেট জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম অভিযোগ করে বলেছেন, ভারতের সঙ্গে চুক্তি করে বিএনপি ক্ষমতায় এসেছে। তিনি দাবি করেন, ক্ষমতায় আসার পর জনগণের উন্নয়নের পরিবর্তে দলটি দখলবাজি, চাঁদাবাজি ও ধর্ষণের মতো ঘটনায় জড়িয়ে পড়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গণমিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন’, ‘জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ ফ্যাসিস্টের দোসরদের বিচার’ এবং ‘জুলাই বিপ্লবের বার্ষিকী’ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আব্দুল কাইয়ুম বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করেই বিএনপি ফ্যাসিস্ট শেখ হাসিনার পথ অনুসরণ করছে। তিনি আরও বলেন, “হাসিনা যত শক্তিশালী ছিলেন, বিএনপি ততটা শক্তিশালী নয়। তাই তারা যেন ভুলে না যায়, দেশের ছাত্র-জনতা চাইলে অনেক কিছুই করতে পারে।”
এর আগে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি গণমিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারের প্রবাসী চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মতিউর রহমান ও পৌর সেক্রেটারি জাহেদুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর নায়েবে আমীর আব্দুস সোবহান, দশঘর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখরুল ইসলাম এবং বিশ্বনাথ পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি হোসাইন শাহ।
এ সময় জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণমিছিল ও পথসভায় অংশ নেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন