আবারও পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, শীর্ষে চীন
শিল্পখাতে নানা চ্যালেঞ্জের মধ্যেও বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এ ক্ষেত্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় প্রায় ২ বিলিয়ন ডলার বেশি রপ্তানি করেছে দেশটি। তবে বছর ব্যবধানে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ১ শতাংশ, যেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি ছিল প্রায় ১১ শতাংশ।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতা ধীরে ধীরে চীনের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের দিকে ঝুঁকছেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ বৈশ্বিক বাজারে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের বাজারে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রপ্তানিতে কিছুটা ধীরগতি দেখা গেছে। ইউএস অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ১ শতাংশ কমে ৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে। যদিও এ সময়ে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানিই কমেছে ৯ দশমিক ৩ শতাংশ।
এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে ভিয়েতনাম। একই সঙ্গে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কম্বোডিয়াও বৈশ্বিক পোশাক রপ্তানির প্রতিযোগিতায় দ্রুত এগিয়ে আসছে।
অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, দ্বিতীয় অবস্থান ধরে রাখতে হলে বাংলাদেশের উৎপাদনে অটোমেশন বাড়াতে হবে, দক্ষতা উন্নয়ন ও উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা আরও শক্তিশালী করতে হবে।
ডব্লিউটিওর সর্বশেষ প্রতিবেদনে বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানিতে চীন শীর্ষস্থান ধরে রেখেছে। তালিকায় বাংলাদেশের পর তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম, চতুর্থ স্থানে ভারত এবং পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন