আবারও বাড়ল বিশ্ববাজারে তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তার জেরে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায় মঙ্গলবার (৪ আগস্ট) এশিয়ার বাজারে তেলের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা যায়।
বাজারসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮১ দশমিক ১১ ডলারে লেনদেন হয়েছে।
এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে গিয়েছিল। তবে ইরান নতুন কোনো আলোচনার বিষয়টি অস্বীকার করায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতা নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনাই বর্তমানে তেলের বাজারে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। উপসাগরীয় অঞ্চলের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই জলপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়। ফলে এ অঞ্চলে যেকোনো অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি ঘিরে সংকটের সমাধান না হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও ঝুঁকির মুখে পড়তে পারে। এতে আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের ওঠানামার আশঙ্কা রয়েছে।
এদিকে মঙ্গলবার ওমানের আল খাসাব উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য জানিয়েছে একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা। এ ঘটনাও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন