রডের আঘাতে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
বগুড়ার সারিয়াকান্দিতে জমিসংক্রান্ত বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামাণিক (৬২) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নান্টু সরকার পলাতক রয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোসলেম উদ্দিনের মৃত্যু হয়। এর আগে সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার পাকুরিয়া চরের নান্টুর মোড় বাজার এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে।
নিহত মোসলেম উদ্দিন সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের পাটুয়ার চর গ্রামের আব্দুল মান্নান প্রামাণিকের ছেলে। তিনি কাজলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের নান্টু সরকারের সঙ্গে জমি ও গোচারণভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মোসলেম উদ্দিনের। এরই জেরে সোমবার রাত প্রায় ৮টার দিকে পাকুরিয়া বাজার থেকে চা পান করে বাড়ি ফেরার পথে তার পথরোধ করা হয়। অভিযোগ রয়েছে, নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা দাবি করেছেন, পরিকল্পিতভাবে হামলা চালিয়ে মোসলেম উদ্দিনকে হত্যা করা হয়েছে। তার ছেলে নাহিদ হাসান বলেন, দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধের জেরেই তার বাবাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত নান্টু সরকার ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.খ.ম আসাদুজ্জামান বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন