স্ত্রীকে ‘পিস্তল’ দেখিয়ে যৌতুক দাবি, গ্রেপ্তারের পর মিলল ‘লাইটার
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে মো. ইমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধার হওয়া ‘পিস্তল’টি আসল আগ্নেয়াস্ত্র নয়, বরং পিস্তল আকৃতির একটি লাইটার বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
পুলিশ জানায়, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের বাসিন্দা ইমন সম্প্রতি নিজের টিকটক আইডিতে পিস্তল প্রদর্শনের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে শ্রীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ভিডিওতে ব্যবহৃত বস্তুটি উদ্ধার করে।
পরীক্ষা-নিরীক্ষার পর পুলিশ নিশ্চিত হয়, উদ্ধার করা বস্তুটি কোনো আগ্নেয়াস্ত্র নয়; এটি পিস্তল আকৃতির একটি লাইটার। এরপর পৃথক অভিযানে ইমনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, ওই লাইটারটি পিস্তল হিসেবে দেখিয়ে ইমন এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেন। একই সঙ্গে স্ত্রীকে হত্যার ভয় দেখিয়ে যৌতুক দাবি এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী মোছা. তাহমিনা (২২) বাদী হয়ে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, টিকটকে পিস্তল সদৃশ বস্তু প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং যৌতুক নির্যাতনের অভিযোগে ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন