বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
বাগেরহাটের কচুয়া উপজেলায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামে এ ঘটনা জানাজানি হয়। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিহতরা হলেন—চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), তার মা মনিরা বেগম এবং নানি সানজিদা বেগম। সানজিদা বেগমের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায়।
কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান জানান, সকালে কয়েকজন প্রতিবেশী নারী বাড়ির বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের অন্য সদস্যদের খোঁজ করেন। পরে ঘরের ভেতরে প্রবেশ করে আহাদ হাওলাদার ও তার মা মনিরা বেগমের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, দুই থেকে তিন দিন আগে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে। তবে প্রতিবেশীরা বাড়িতে না থাকায় ঘটনাটি এতদিন নজরে আসেনি।
এসআই মাহমুদ হাসান বলেন, নিহতদের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ কারণে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন