হাতিরঝিলে গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
রাজধানীর হাতিরঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. হাসান (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসানের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মির্জানগর গ্রামে। তার বাবার নাম মুন্না। তিনি পেশায় একজন পাঠাও রাইডার ছিলেন এবং বর্তমানে রাজধানীর হাতিরঝিল এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি হাতিরঝিল থানাকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন