৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শরিফ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, সকালে স্কুলে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে একা পেয়ে অভিযুক্ত শরিফ হোসেন পাশের একটি জঙ্গল এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিক্ষার্থী বিষয়টি তার সহপাঠী ও বিদ্যালয়ের এক শিক্ষিকাকে জানায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে একটি কক্ষে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শরিফ হোসেনকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। তিনি স্থানীয় বাসিন্দা এহসানুল হক ওরফে রুবেল ভাণ্ডারির বাড়িতে গরুর ঘাস কাটার কাজ করতেন বলে জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত এবং চিকিৎসা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন