বেহাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোড, চরম দুর্ভোগে লাখো মানুষ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ লিংক রোডটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে ভবনাথপুর এলাকায় যাওয়ার এই সংযোগ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন কয়েক লাখ মানুষ।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই সড়কের খানাখন্দ পানিতে তলিয়ে যাচ্ছে। ফলে কোথায় রাস্তা আর কোথায় গর্ত—তা বোঝা কঠিন হয়ে পড়ছে। এতে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন যানবাহনের চালক ও পথচারীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, বৃদ্ধ এবং কর্মজীবী মানুষ।
স্থানীয়দের ভাষ্য, সোনারগাঁ থানা, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, বারদী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকায় যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এটি। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
চলমান বর্ষায় অতিবৃষ্টির কারণে সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তার একাংশ দেবে যাওয়ায় সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনকে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা হযরত আলী বলেন, বহুদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা হলেও কার্যকর সংস্কার হয়নি। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
সিএনজিচালক আবুল হোসেন জানান, প্রতিদিন এই সড়কে চলাচল করতে গিয়ে গাড়ির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিয়েও সবসময় উদ্বেগে থাকতে হয়।
কলেজছাত্রী আফরিজ সুলতানা বলেন, বৃষ্টির দিনে এই সড়ক দিয়ে চলাচল সবচেয়ে কষ্টকর হয়ে পড়ে। পানিতে ডুবে থাকা গর্তে পা পিছলে দুর্ঘটনার আশঙ্কা সবসময় থাকে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় ইতোমধ্যে একাধিক ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। দ্রুত মেরামতের উদ্যোগ না নিলে যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. সোহেল হোসাইন জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগ কমাতে এবং দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটির সংস্কারকাজ দ্রুত শুরু করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন