আলিয়া মাদ্রাসার সংঘর্ষস্থলে যুবদল নেতা নয়ন
রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠসংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে উত্তেজনা আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হলের সিট দখলকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই দুই ছাত্রসংগঠনের মধ্যে উত্তেজনা চলছিল। বিকেলে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র হাতে ধাওয়া-পাল্টাধাওয়া এবং মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়।
এদিকে সংঘর্ষ চলাকালে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকেও ঘটনাস্থলে দেখা যায়। তাদের মধ্যে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নও ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি মাথায় হেলমেট ও হাতে একটি পাইপ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
বিকেল ৫টার পর সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় আলিয়া মাদ্রাসা মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায় রবিউল ইসলাম নয়নকে। সেখানে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, "আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না কেন। আপনারা সামনে যান। আমরা আপনাদের সহযোগিতা করব।"
সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন