ডিবি সেজে রেস্টুরেন্টে ডাকাতি, ধরা ৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশের পরিচয়ে একটি রেস্টুরেন্টে ঢুকে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং লুট হওয়া ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে পূর্বাচল নতুন শহরের ২ নম্বর সেক্টরের ‘অরণ্য বাহার’ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—চাঁদপুরের শুরুর ত্যাহার আলী, ভোলার আহাদ ওরফে অনিম, রাব্বি ওরফে বিল্লাল (২৬) এবং রাজধানীর দিয়াবাড়ি এলাকার শুকখানসহ মোট ছয়জন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নিয়ে প্রায় ১৫ সদস্যের একটি দল ডিবি পুলিশের পরিচয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে সেখানে থাকা অতিথিদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালানোর চেষ্টা করে।
খবর পেয়ে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এছাড়া লুট হওয়া ১২টি মোবাইল ফোনের মধ্যে ৬টি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ‘অরণ্য আবাস রিসোর্ট’-এর পক্ষে ভুক্তভোগী আবির রায়হানের অভিযোগে রূপগঞ্জ থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন