কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে প্রাণ গেল শিশু শ্রমিকের
ছবি : সংগৃহীত
মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ফার্নিচার কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণের ঘটনায় নজরুল ইসলাম শরীফ (১৩) নামে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পান্না খন্দকারের মিলের একটি কক্ষে পরিচালিত গ্রামীণ কাঠের কুটির শিল্প কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম শরীফ উপজেলার পশ্চিম বনগ্রামের হানিফ শরীফের ছেলে। সে মেদাকুল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কারখানায় কাজ করার সময় সেখানে রাখা একটি কেমিক্যালের ড্রামের মুখ খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নজরুলের শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আগুনে তার দুই পা দগ্ধ হয়। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা হ্যাপি বেগম জানান, দুই ছেলের মধ্যে নজরুল বড়। সে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করলেও স্কুল বন্ধ থাকলে মাঝেমধ্যে কারখানায় কাজ করত। প্রায় এক মাস ধরে সেখানে কাজ করছিল। বুধবার সকালে কাজে গিয়ে ড্রাম বিস্ফোরণের ঘটনায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় কারখানার মালিক রবিউল ইসলামও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, কারখানায় কাজ করার সময় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে নজরুল ইসলাম শরীফ নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে ড্রামটি বিস্ফোরিত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন