অনশনের পর বিয়ে, তিন মাসেই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় প্রেমের সম্পর্কের পর অনশন করে বিয়ে করা মোনিয়া মুন্নি (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার হেমনগর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোনিয়া মুন্নি ফুলবাড়ী মধ্যপাড়া ভূঁইয়াবাড়ির মঞ্জু মিয়ার মেয়ে এবং একই গ্রামের জিহাদ ভূঁইয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে মুন্নি প্রেমিক জিহাদ ভূঁইয়ার বাড়িতে টানা পাঁচ দিন অনশন করেছিলেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় গত ৩০ এপ্রিল ৯ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের আগে ভ্রূণ নষ্টের অভিযোগ এবং মেয়ের নিরাপত্তা চেয়ে মুন্নির মা রিনা বেগম হেমনগর তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেছিলেন বলেও জানা গেছে।
নিহতের পরিবারের দাবি, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময়ে মুন্নির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার সকালে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্বামী জিহাদ ভূঁইয়াসহ তার পরিবারের সদস্যদের বাড়িতে পাওয়া যায়নি। এ ঘটনায় তারা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন