টানা চতুর্থ দিন বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো ঊর্ধ্বমুখী রয়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার লেনদেনে স্পট গোল্ডের মূল্য সাত সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, সুদের হার নিয়ে প্রত্যাশা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাবে স্বর্ণের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার জিএমটি সময় সকাল ৮টা ৪৩ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২৭১.৩৩ ডলারে পৌঁছায়। দিনের শুরুতে এটি ১৮ জুনের পর সর্বোচ্চ পর্যায় স্পর্শ করে।
এর আগে বুধবারও স্বর্ণের বাজারে বড় ধরনের উত্থান দেখা যায়। সেদিন ফেব্রুয়ারির পর একদিনে সর্বোচ্চ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,২৬৭.২৪ ডলারে ওঠে।
শুধু স্পট গোল্ড নয়, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস বাজারেও দাম বেড়েছে। বৃহস্পতিবার সেখানে প্রতি আউন্স স্বর্ণের মূল্য ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪,৩৩০.২০ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি পুনরায় সচল হওয়ার সম্ভাবনা, বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ কিছুটা কমার আশা এবং দীর্ঘ সময় উচ্চ সুদের হার বহাল থাকার আশঙ্কা হ্রাস পাওয়ায় স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।
আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বৈশ্বিক অর্থনীতির গতি এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদনীতি—এই তিনটি বিষয়ই আন্তর্জাতিক স্বর্ণবাজারের দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন