বাঁশখালীর বন্যাদুর্গত ১০০ পরিবারকে নতুন ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গৃহহীন হয়ে পড়া ১০০টি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) কক্সবাজার ও চট্টগ্রাম সফরের অংশ হিসেবে বাঁশখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করবেন তিনি।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে নির্মিত ঘরগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই এসব পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁশখালী পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়ন থেকে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং নতুন করে ঘর নির্মাণে অক্ষম এমন ১০০টি পরিবারকে বাছাই করা হয়েছে। প্রতিটি ঘর প্রাকৃতিক দুর্যোগ সহনীয় নকশায় নির্মাণ করা হচ্ছে। আরসিসি পিলার, কাঠ ও টিন দিয়ে তৈরি ১৮ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের প্রতিটি ঘরে দুটি কক্ষ এবং একটি সংযুক্ত শৌচাগার থাকবে।
বন্যায় ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়া পরিবারগুলোর মধ্যে সরকারি এই উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে। নিজেদের ভিটায় নতুন ঘর পাওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর হাত থেকে চাবি গ্রহণের সুযোগ পেয়ে তারা উচ্ছ্বসিত। অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মুহূর্তের জন্য।
বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এবং নিজের সামর্থ্যে ঘর নির্মাণ করতে অক্ষম পরিবারগুলোকেই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতসংলগ্ন অনুষ্ঠানস্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা অনুষ্ঠানস্থল, মঞ্চ, প্যান্ডেল, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সফর সফল করতে সার্বিক প্রস্তুতি জোরেশোরে চলছে। একই সঙ্গে নির্মাণাধীন ঘরগুলোর গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব ঘরের নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন