সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন আটক
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।
সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। দীর্ঘদিন পর মামলাটি নতুন করে আলোচনায় আসার পরই ডনকে আটকের ঘটনা ঘটল।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা ও বিতর্ক রয়েছে। পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই দাবি করা হয়ে আসছে, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সালমান শাহর মা নীলা চৌধুরীও দীর্ঘদিন ধরে তার ছেলের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে আসছেন। তার অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে চাইলেও পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল। তবে পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, অপমৃত্যুর মামলা তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সেটি স্বাভাবিকভাবেই হত্যা মামলায় রূপ নেবে।
পরবর্তীতে দীর্ঘ সময় পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন। ওই মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে তিনি ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয় ও ব্যক্তিত্বের কারণে অল্প সময়েই তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হন।
১৯৯৬ সালে মাত্র ২৪ বছর বয়সে তার মৃত্যু বাংলা চলচ্চিত্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মৃত্যুর এত বছর পরও সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে আলোচনা থামেনি। নতুন করে দায়ের হওয়া হত্যা মামলায় অভিনেতা ডন হককে আটকের ঘটনায় সেই আলোচনা আবারও সামনে এসেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন