খুঁজুন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ, ১৪৩৩

বেনাপোল দিয়ে পাঁচ দিনে এলো ৮০ মেট্রিক টন কাঁচামরিচ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেনাপোল দিয়ে পাঁচ দিনে এলো ৮০ মেট্রিক টন কাঁচামরিচ

ভারত থেকে কাঁচামরিচ আমদানি বাড়ায় যশোরের বেনাপোল স্থলবন্দরসংলগ্ন বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। এক দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে ১০০ টাকা কমেছে। রোববার (৯ আগস্ট) স্থানীয় খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আগের দিন শনিবার একই কাঁচামরিচ বিক্রি হয়েছে ১৮০ টাকা কেজি দরে।

হঠাৎ দাম কমায় নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। বিক্রেতারাও বলছেন, সরবরাহ বাড়ায় কম দামে কাঁচামরিচ বিক্রি করা সম্ভব হচ্ছে।

বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনে ভারত থেকে মোট ৮০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। গত সোমবার প্রথম চালানে ৯ দশমিক ২ মেট্রিক টন, মঙ্গলবার দ্বিতীয় চালানে ৪২ দশমিক ২২ মেট্রিক টন, বৃহস্পতিবার ১৪ মেট্রিক টন এবং শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় আরও ১৫ মেট্রিক টন কাঁচামরিচ ভারতীয় ট্রাকে করে বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।

আমদানিকারক আমিনুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া ও অতিরিক্ত বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকার কাঁচামরিচের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্থানীয় বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম একপর্যায়ে ৩০০ টাকা ছাড়িয়ে যায়।

তিনি জানান, ভারত থেকে প্রতি টন কাঁচামরিচ প্রায় ৩০০ মার্কিন ডলার দরে আমদানি করা হচ্ছে। তবে কাস্টমস কর্তৃপক্ষ প্রতি টন কাঁচামরিচের শুল্কায়ন করছে ৫০০ ডলার মূল্যে। এতে প্রতি কেজিতে প্রায় ৩৮ টাকা শুল্ক দিতে হচ্ছে। শুল্ক কমানো হলে বাজারে কাঁচামরিচের দাম আরও কমে আসত বলে মনে করেন তিনি।

বাজারে কাঁচামরিচ কিনতে আসা রায়হান হোসেন বলেন, শনিবার ১৮০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনেছিলেন। এক দিনের ব্যবধানে দাম ১০০ টাকা কমে যাওয়ায় স্বস্তি পেয়েছেন তিনি। ভারত থেকে আমদানি আরও বাড়লে দাম আরও কমতে পারে বলে আশা করছেন এই ক্রেতা।

খুচরা বিক্রেতা শুকুর আলী বলেন, সরবরাহ কম থাকায় বেশ কিছুদিন ধরে কাঁচামরিচের দাম বেশি ছিল। শনিবার ১৮০ টাকা কেজি দরে বিক্রি করলেও রোববার মোকামে কম দামে পণ্য পাওয়ায় ৮০ টাকা কেজি দরে বিক্রি করছেন। দাম কমায় ক্রেতার উপস্থিতি বেড়েছে এবং বেচাকেনাও ভালো হচ্ছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের অনুমতি পাওয়ার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আমদানিকৃত কাঁচামরিচের নমুনা সংগ্রহ ও পরীক্ষা শেষে দ্রুত ছাড়পত্র দেওয়া হচ্ছে, যাতে আমদানিকারকেরা দ্রুত পণ্য বাজারজাত করতে পারেন।

আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ আরও বাড়বে এবং এতে দাম আরও কমতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

যশোর বোর্ডে মানবিকে ধস, ১১ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
যশোর বোর্ডে মানবিকে ধস, ১১ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

যশোর শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। তবে ফলাফলে বড় ধাক্কা এসেছে মানবিক বিভাগে। এ বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি হলেও পাসের হার নেমে এসেছে ৪৮ দশমিক ৮২ শতাংশে। একই সঙ্গে বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই এবার পাস করতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সারাদেশের সঙ্গে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন বোর্ডের সচিব (প্রেষণে) প্রফেসর ড. মো. আব্দুল মতিন।

বোর্ড সূত্রে জানা যায়, এবার যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪১ হাজার ৬৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ৬৯ হাজার ৮৫ জন এবং ছাত্রী ৭১ হাজার ৯৭৯ জন। ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্রীদের ফলাফল তুলনামূলক ভালো হয়েছে।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৮১ দশমিক ২৩ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৪ দশমিক ২৮ শতাংশ।

অন্যদিকে মানবিক বিভাগের ফলাফল সবচেয়ে হতাশাজনক। এ বিভাগে মোট ৮৫ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাসের হার মাত্র ৪৮ দশমিক ৮২ শতাংশ।

যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার আড়াই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৬টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। বিপরীতে ১১টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন বলেন, শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তদন্তে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক দুর্বলতা কিংবা শিক্ষকদের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিলের বিষয়টিও বিবেচনা করা হবে।

ফলাফল বিশ্লেষণে বোর্ড সচিব বলেন, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮১ দশমিক ২৩ শতাংশ হলেও মানবিক বিভাগে তা ৪৮ দশমিক ৮২ শতাংশ হওয়া উদ্বেগের বিষয়। বিভাগগুলোর ফলাফলের এই বৈষম্য কমাতে শিক্ষার গুণগত মান বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, এবারের ফলাফলেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো করেছে। খাতা মূল্যায়নের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে নির্ধারিত নিয়ম অনুসরণ করা হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা নয়, শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই বোর্ডের মূল লক্ষ্য।

এবার যশোর শিক্ষা বোর্ড থেকে ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ হলেও যশোর বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। ফলে জাতীয় গড়ের চেয়ে এগিয়ে রয়েছে এ বোর্ড।

ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ রয়েছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী টেলিটক মোবাইলের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বগুড়ায় ৮২ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বগুড়ায় ৮২ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে ৮২ পিস ইয়াবাসহ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামালপুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজু ইসলাম শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি নয় মাইল মণ্ডলপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার একটি দল জামালপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। পরে মণ্ডল ট্রেডার্সের সামনে থেকে রাজু ইসলামকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, গ্রেপ্তার রাজু ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হবে।

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

পানি জমে থাকায় খনন হয়নি খাল, ফেরত গেল সোয়া ২ কোটি টাকা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পানি জমে থাকায় খনন হয়নি খাল, ফেরত গেল সোয়া ২ কোটি টাকা

অতিবৃষ্টি ও খালে পানি জমে থাকায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের আত্রাই খাল খনন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ে কাজ বাস্তবায়ন না হওয়ায় প্রকল্পের জন্য বরাদ্দ পাওয়া ২ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৫০৪ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে সারা দেশে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের আত্রাই খাল খননের জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ‘আত্রাই বিল থেকে গোপালগঞ্জ ব্রিজ পর্যন্ত ডোমজান খাল’ প্রকল্পের আওতায় প্রায় ৮৫০ মিটার খাল খননের পরিকল্পনা ছিল। কিন্তু বর্ষা মৌসুমজুড়ে টানা বৃষ্টি ও খালে পর্যাপ্ত পানি থাকায় নির্ধারিত সময়ে খননকাজ শুরু করা সম্ভব হয়নি।

কাজ শুরুর উপযোগী পরিবেশ তৈরি না হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা যায়নি। পরে গত ১৬ জুলাই চালানের মাধ্যমে প্রকল্পের জন্য বরাদ্দ করা পুরো ২ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৫০৪ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আজিজ বলেন, অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে নির্ধারিত সময়ে খননকাজ শুরু করা সম্ভব হয়নি। সরকারি বিধি অনুযায়ী বরাদ্দের অর্থ ফেরত দেওয়া হয়েছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, অনুকূল পরিবেশ তৈরি হলে ভবিষ্যতে পুনরায় বরাদ্দ পাওয়া গেলে খালটির খননকাজ সম্পন্ন করা হবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম