আদালতে ডন, কারাগারে পাঠানোর আবেদন
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল-অভিনেতা আশরাফুল হক ডনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
রোববার (৯ আগস্ট) বিকেলে ডনকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আরিফুর রহমান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, মামলার বাদীর এজাহারে আশরাফুল হক ডনসহ এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যার অভিযোগ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আবেদনে আরও বলা হয়, তাকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তার জামিনের বিরোধিতা করা হয়েছে।
ডনের বিরুদ্ধে করা আবেদনের বিষয়ে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। পরে সিআইডির একটি দল এসে তাকে নিয়ে যায়। সালমান শাহ হত্যা মামলা সিআইডিতে তদন্তাধীন রয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও জল্পনা রয়েছে। প্রায় ২৯ বছর পর ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন।
মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদকে আসামি করা হয়েছে।
মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন