৭৩ শতাংশ কোম্পানির শেয়ারে দরপতন
সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের দরপতন হয়েছে। দিনশেষে ডিএসইর সবকটি সূচক কমেছে। একই সঙ্গে লেনদেন নেমে এসেছে এক হাজার কোটি টাকার নিচে।
রোববার (৯ আগস্ট) দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮২২ দশমিক ৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএস-৩০ সূচক ১৪ দশমিক ৫৫ পয়েন্ট কমে ২ হাজার ১৭৭ দশমিক ২৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনের শুরুতে ডিএসইর প্রধান সূচকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। লেনদেন শুরুর ৩১ মিনিটের মধ্যে ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপরই বাজারে বিক্রির চাপ বাড়তে থাকে। লেনদেনের এক ঘণ্টার মাথায় সূচকটি ১০ পয়েন্ট কমে যায়। পরবর্তী সময়ে পতনের মাত্রা আরও বাড়ে এবং দিনশেষে বড় পতন নিয়ে লেনদেন শেষ হয়।
এদিন ডিএসইতে মোট ৯৬৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৪৭ কোটি ৭৪ লাখ টাকা।
লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ১০২ কোটি ২০ লাখ টাকা। বৃহস্পতিবার দিনশেষে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭ হাজার ৯১৪ কোটি ৬৯ লাখ টাকা। অর্থাৎ এক কর্মদিবসের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৮১২ কোটি টাকা।
রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮৬টির শেয়ার ও ইউনিটের দর কমেছে, যা মোট প্রতিষ্ঠানের ৭২ দশমিক ৯৬ শতাংশ। দর বেড়েছে ৭৯টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত ছিল ২৭টির দর।
লেনদেনের দিক থেকে দিনের শীর্ষে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ৪০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপর বেক্সিমকোর ২৮ কোটি ৬২ লাখ টাকা, নিটল ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৮৯ লাখ টাকা, এমএল ডায়িংয়ের ১৭ কোটি ৪৮ লাখ টাকা এবং সায়হাম টেক্সটাইলের ১৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এ ছাড়া ডমিনেজ স্টিলের ১৬ কোটি ৪৪ লাখ টাকা, একমি পেস্টিসাইডসের ১৫ কোটি ৩১ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৫ কোটি ১৬ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৪ কোটি ২৩ লাখ টাকা এবং সিটি ব্যাংকের ১৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
দরপতনের দিক থেকে দিনের শীর্ষে ছিল পিপলস লিজিং। কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। অন্যদিকে দর বৃদ্ধির শীর্ষে ছিল নিটল ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন