সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক শেখ রাজিব হাসানের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক শেখ রাজিব হাসান (৩৫) মারা গেছেন। তিনি আনন্দ টেলিভিশনের গাজীপুর সিটি রিপোর্টার ও টঙ্গী প্রেসক্লাবের সদস্য ছিলেন।
শনিবার (৮ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শেখ রাজিব হাসান গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার ৫০ নম্বর ওয়ার্ডের টেকবাড়ি এলাকার বাসিন্দা। তিনি আঃ রাজ্জাকের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
জানা যায়, গত ২১ জুলাই অটোরিকশায় যাওয়ার সময় একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন সাংবাদিক শেখ রাজিব হাসান। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গাজীপুর ও টঙ্গীর সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সহকর্মীরা জানান, শেখ রাজিব হাসান পেশাগত দায়িত্ব পালনে ছিলেন আন্তরিক ও নিষ্ঠাবান। স্থানীয় সমস্যা, নাগরিক দুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরতে তিনি সক্রিয় ভূমিকা রাখতেন। তার অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন নিষ্ঠাবান সহকর্মী ও প্রিয় মানুষকে হারিয়েছে।
শনিবার বাদ আসর এরশাদনগর সংলগ্ন টেকবাড়ি মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।
মাত্র ৩৫ বছর বয়সে শেখ রাজিব হাসানের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোক ও শূন্যতা।
মহান আল্লাহ তায়ালা মরহুম শেখ রাজিব হাসানের জীবনের সকল গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন—এই প্রার্থনা করেছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন