চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ
চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব-৭।
সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।
র্যাব-৭ সূত্র জানায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজারের একটি ভবনে অভিযান চালায় র্যাবের একটি দল।
অভিযানের সময় ভবনটির কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়। র্যাবের হিসাব অনুযায়ী, জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
র্যাব-৭-এর কর্মকর্তা মেজর জালিস মাহমুদ খান বলেন, অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও কেনাবেচার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন