বুড়িগঙ্গার তীরে বৃক্ষরোপণ, সবুজ নগর গড়ার উদ্যোগ
পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর কামরাঙ্গীরচরে বৃক্ষবৃদ্ধি ও সবুজ নগর গঠন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে এবং সাসটেইনেবল রিচার্জ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কামরাঙ্গীরচরের ৫৬ নম্বর ওয়ার্ডের বড়গ্রাম-বাটারিঘাট সড়ক ও বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের জাতীয় সংসদ সদস্য হামিদুর রহমান (হামিদ)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরীর দূষণ কমাতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ কাজে নগরবাসীকেও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, বুড়িগঙ্গা নদীর তীরসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সবুজায়ন বাড়ানো গেলে নগরীর পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুরান ঢাকায় আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
একই সঙ্গে বুড়িগঙ্গা নদীতীর ও নগরীর পরিবেশ রক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, ‘সবুজ হোক ঢাকা, সুন্দর হোক আগামী প্রজন্মের ভবিষ্যৎ।’
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন