হাসপাতালে ডেকে নিয়ে নারীকে ধর্ষণ গ্রেপ্তার ২
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে এক নারীকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
সোমবার (১০ আগস্ট) রাত ৩টার দিকে সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেল্লাল সিকদার ও নাসির।
ভুক্তভোগীর অভিযোগ, সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে থেকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে বাইরে ডেকে নেওয়া হয়। পরে মোটরসাইকেলে করে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।
ভোরের দিকে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে এবং বিষয়টি পুলিশকে জানায়।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ভুক্তভোগী ওই নারী হাসপাতালের নিয়মিত ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের শনাক্তে সহায়তার জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন