বেড়ায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মালিককে ২০ হাজার টাকা জরিমানা
পাবনার বেড়া উপজেলার রাকশা পুরান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিরাজুল ইসলাম নামে এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাকশা পুরান বাজার এলাকার সিরাজুল ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান।
অভিযানকালে ফার্মেসিতে সংরক্ষিত বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে এসব ওষুধ জব্দ করা হয়। একই সঙ্গে অভিযুক্তের দোষ স্বীকারের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে সহায়তা করেন এসআই সুব্রতর নেতৃত্বে বেড়া মডেল থানার একটি পুলিশ দল।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন