শ্বম্ভরপুরে বাজার নিলামে ৫৯ লাখ ২২ হাজার টাকার ডাক
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ইজারাবিহীন তিনটি গুরুত্বপূর্ণ বাজারের খাস কালেকশনের জন্য অনুষ্ঠিত প্রকাশ্য নিলামে সর্বোচ্চ ডাক উঠেছে ৫৯ লাখ ২২ হাজার টাকা। প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে তিন বাজারের খাস কালেকশনের দায়িত্ব পেয়েছেন সর্বোচ্চ দরদাতারা।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ নিলাম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিলাম পরিচালনায় উপস্থিত ছিলেন।
সরকারি নীতিমালা অনুযায়ী ১ ভাদ্র থেকে ৩০ চৈত্র পর্যন্ত নির্ধারিত সময়ের জন্য বাজারগুলোর খাস কালেকশনের দায়িত্ব সর্বোচ্চ দরদাতাদের দেওয়া হয়।
নিলামে বিশ্বম্ভরপুর বাজারে অংশ নেন ২৩ জন। প্রতিযোগিতার মাধ্যমে সর্বোচ্চ ৭ লাখ ২৫ হাজার টাকা দর হাঁকিয়ে জাহাঙ্গীর আলম বাজারটির খাস কালেকশনের দায়িত্ব পান।
চিনাকান্দি বাজারের নিলামে অংশ নেন ২৯ জন। সেখানে সর্বোচ্চ ৯ লাখ ৩৬ হাজার টাকা ডাক দিয়ে খাস কালেকশনের দায়িত্ব পান জাহিদ হাসান।
তিন বাজারের মধ্যে সবচেয়ে বেশি দর ওঠে বাঘবেড় বাজারে। এ বাজারের নিলামে অংশ নেন ৩৩ জন। ব্যাপক প্রতিযোগিতার পর সর্বোচ্চ ৩৬ লাখ ৬১ হাজার টাকা দর হাঁকিয়ে খাস কালেকশনের দায়িত্ব পান আঃ হাই।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি বিধি-বিধান ও নীতিমালা অনুসরণ করেই উন্মুক্ত নিলামের মাধ্যমে তিনটি বাজারের খাস কালেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তদের নির্ধারিত সময়ের মধ্যে সরকারি নিয়ম মেনে রাজস্ব আদায়ের কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
নিলামকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। সংশ্লিষ্টদের মতে, উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক নিলামের ফলে বাজারগুলোর রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন