নদীপথে ভ্রমণে যাওয়ার আগে জেনে নিন ১০ জরুরি বিষয়
শহরের ব্যস্ততা, যানজট আর ধুলাবালি থেকে একটু স্বস্তি পেতে অনেকেই নদীপথে ভ্রমণের পরিকল্পনা করেন। নৌভ্রমণে খোলা প্রকৃতি, নদীর নির্মল বাতাস ও ভিন্ন রকমের আনন্দ পাওয়া যায়। তবে আনন্দের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। সামান্য অসতর্কতা নষ্ট করে দিতে পারে পুরো ভ্রমণের আনন্দ, এমনকি ডেকে আনতে পারে বড় বিপদ।
তাই নদীপথে ভ্রমণের আগে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ বিষয়—
১. বেশি লাগেজ হলে কেবিন নিন
সঙ্গে বেশি মালপত্র থাকলে সম্ভব হলে একটি কেবিন ভাড়া নেওয়া ভালো। এতে মালামাল নিরাপদে রাখার পাশাপাশি যাত্রাপথে স্বস্তিতেও থাকা যায়।
২. টিকিট নিজেই সংগ্রহ করুন
লঞ্চ, স্টিমার বা অন্য কোনো নৌযানে ভ্রমণের ক্ষেত্রে টিকিট নিজ দায়িত্বে সংগ্রহ করুন। নৌযানটির ফিটনেস ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হয়ে উঠুন। লাইফ জ্যাকেট পর্যাপ্ত আছে কি না, সেটিও দেখে নিন। কোনোভাবেই দালালের ওপর নির্ভর করবেন না।
৩. অতিরিক্ত কাপড় সঙ্গে রাখুন
নদীপথে রাতে বা ভোরে ঠান্ডা অনুভূত হতে পারে। তাই প্রয়োজনের তুলনায় কিছু অতিরিক্ত কাপড় সঙ্গে রাখলে যেকোনো পরিস্থিতিতে কাজে আসবে।
৪. ভেঁপুর কাছাকাছি যাবেন না
নৌযানের ভেঁপু বা হর্নের খুব কাছে দাঁড়ানো এড়িয়ে চলুন। হঠাৎ উচ্চ শব্দে ভেঁপু বাজলে কানে সমস্যা হওয়ার আশঙ্কা থাকে।
৫. অপরিচিতের দেওয়া খাবার খাবেন না
নৌযানে ভ্রমণের সময় অপরিচিত কারও কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করাই নিরাপদ। বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন এবং সম্ভব হলে নিজের খাবার ও পানি সঙ্গে রাখুন।
৬. ব্যক্তিগত নৌভ্রমণে আগে থেকেই নৌযান ঠিক করুন
বন্ধু বা পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগতভাবে নৌভ্রমণে গেলে আগে থেকেই নৌযান ঠিক করে রাখুন। ভ্রমণের সময় ও দূরত্ব অনুযায়ী নৌযানের ধরন ও সক্ষমতা যাচাই করে নিন।
৭. গন্তব্য সম্পর্কে আগে খোঁজ নিন
যে এলাকায় ভ্রমণে যাচ্ছেন, সেখানকার পরিবেশ, আবহাওয়া, নৌপথ ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আগে জেনে নিন। অনলাইনে তথ্য যাচাই করে প্রয়োজন হলে ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলুন।
৮. প্রয়োজনীয় ওষুধ ও বিশুদ্ধ পানি রাখুন
সঙ্গে প্রয়োজনীয় ওষুধ, বিশেষ করে যাদের নৌযানে চলাচলে বমি বা মাথা ঘোরার সমস্যা হয় তাদের জন্য প্রয়োজনীয় ওষুধ রাখা ভালো। পর্যাপ্ত বিশুদ্ধ পানিও সঙ্গে রাখুন।
৯. নৌযান থামিয়ে পানিতে নামবেন না
আপনি যত ভালো সাঁতারই জানেন না কেন, চলন্ত বা থামানো নৌযান থেকে পানিতে নামা ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সাঁতার না জানলে কোনো অবস্থাতেই পানিতে নামা উচিত নয়।
১০. ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে উঠবেন না
বন্ধুদের সঙ্গে দলবদ্ধভাবে ভ্রমণে গেলে যাত্রীর সংখ্যা অনুযায়ী উপযুক্ত নৌযান নির্বাচন করুন। ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে কোনো নৌযানে উঠবেন না। অতিরিক্ত যাত্রী নৌযানের ভারসাম্য নষ্ট করে দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে।
নদীপথে ভ্রমণের আনন্দ উপভোগ করতে হলে আগে নিরাপত্তাকে গুরুত্ব দিন। সতর্কতা অবলম্বন করলেই আপনার নৌভ্রমণ হতে পারে আনন্দদায়ক ও স্মরণীয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন