‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি’
ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র তার ঘোষিত কোনো লক্ষ্যই পুরোপুরি অর্জন করতে পারেনি বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর বরাতে এ তথ্য জানানো হয়েছে।
হোসেইন মোহেবি বলেন, ইরানের বিরুদ্ধে হামলা শুরুর ২০ দিনেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুদ্ধ শেষ করতে মধ্যস্থতাকারীদের সহায়তা চাইতে বাধ্য হয়েছে। ওয়াশিংটনের যুদ্ধের লক্ষ্য দ্রুত পরিবর্তিত হওয়া এবং অল্প সময়ের মধ্যেই আলোচনার পথ খোঁজা ছিল নজিরবিহীন।
ভিয়েতনাম ও কোরিয়া যুদ্ধের প্রসঙ্গ টেনে আইআরজিসির এই মুখপাত্র বলেন, ভিয়েতনামে যুক্তরাষ্ট্র প্রায় ২০ বছর এবং কোরিয়ায় তিন বছর যুদ্ধ করেছে। কিন্তু ইরানের ক্ষেত্রে ২০ দিনেরও কম সময়ের মধ্যে ওয়াশিংটন সংঘাতের অবসানে মধ্যস্থতাকারীদের খুঁজতে শুরু করে।
মোহেবির দাবি, ইরানের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন, দেশটিকে নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য করা, ইরানের তেল ও প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া এবং দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা ছিল যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্যগুলোর অন্যতম।
এ ছাড়া ইরানের কিছু অঞ্চল বিভক্ত করে অন্যদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনাও যুক্তরাষ্ট্রের ছিল বলে দাবি করেন তিনি। তবে এসবকে যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্য হিসেবে উল্লেখ করে মোহেবি বলেন, তাদের অঘোষিত লক্ষ্যগুলো ভিন্ন বিষয়।
তার ভাষ্য অনুযায়ী, এসব লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র সফল হয়নি। বরং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় ওয়াশিংটনের লক্ষ্য একাধিকবার পরিবর্তিত হয়েছে এবং শেষ পর্যন্ত তারা আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান চেয়েছে।
আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, সাম্প্রতিক যুদ্ধের ঘটনাপ্রবাহ সঠিকভাবে বিশ্লেষণ করে ইরানের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তা তুলে ধরা প্রয়োজন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন