হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২৫
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫ শিশু।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯১। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ সময়ে প্রাণ গেছে ৮৯০ শিশুর।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ৯৫১ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯৫ শিশু এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৮৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭৬। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ জনের।
এ সময়ে মোট ১ লাখ ২১ হাজার ৯০৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন