নিখোঁজের একদিন পর নদীতে মিলল যুবকের ভাসমান মরদেহ
নীলফামারীর কিশোরগঞ্জে নিখোঁজের একদিন পর চাড়ালকাটা নদী থেকে তাহিবুল ইসলাম (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর বেলতলী এলাকার চাড়ালকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাহিবুল ইসলাম নিতাই ইউনিয়নের নিতাই কাছাড়ীপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে চাড়ালকাটা নদীতে এক ব্যক্তির মরদেহ উপুড় হয়ে ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে কিশোরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে।
এ সময় স্থানীয়রা মরদেহটি তাহিবুল ইসলামের বলে শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তার মা তহমিনা বেগম।
তহমিনা বেগম জানান, তার ছেলে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং একটি হোটেলে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন নদী থেকে তার মরদেহ উদ্ধারের খবর পান তারা।
তাহিবুলের মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু জানেন না বলেও জানান তার মা।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, খবর পাওয়ার পর নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন