খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র, ১৪৩৩

উত্তরা সিএনজি পাম্পে দীর্ঘ লাইন, গ্যাসের সংকটে ভোগান্তিতে চালকরা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
উত্তরা সিএনজি পাম্পে দীর্ঘ লাইন, গ্যাসের সংকটে ভোগান্তিতে চালকরা

রাজধানীর উত্তরায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে বিভিন্ন ফিলিং স্টেশনে সিএনজি সরবরাহ বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন সিএনজি, ট্রাক ও প্রাইভেটকার চালকরা।

রোববার (১৬ আগস্ট) সকাল থেকে উত্তরা-আব্দুল্লাহপুর এলাকার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, অধিকাংশ পাম্পেই গ্যাসের জন্য দীর্ঘ সারি। কোথাও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ, আবার কোথাও পর্যাপ্ত চাপ না থাকায় সীমিত আকারে চলছে বিক্রি।

উত্তরা-আব্দুল্লাহপুরের খন্দকার ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারি। তবে বাস ও মোটরসাইকেলগুলো ডিজেল ও অকটেন নিয়ে ফিরে যাচ্ছে।

মেসার্স মাসুদ হাসান ফিলিং স্টেশনের এক কর্মকর্তা জানান, পরিবহনের বড় একটি অংশ গ্যাসনির্ভর হওয়ায় সরবরাহ বন্ধ থাকলে পাম্পের সামনে গাড়ির চাপ বেড়ে যায়। গত কয়েক দিন ধরে তারা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। ফলে সিএনজি বিক্রিও বন্ধ রাখতে হচ্ছে।

পাম্প কর্তৃপক্ষের দাবি, তিতাস থেকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের ভাষ্য, পাম্পে গ্যাস না থাকলে গ্রাহকদের সরবরাহ করা সম্ভব নয়। গত প্রায় এক সপ্তাহ ধরে সংকট থাকায় অনেক সময় পুরোপুরি বিক্রি বন্ধ রাখতে হচ্ছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা-আব্দুল্লাহপুর এলাকার আরএসআর ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা গেছে। সেখানে গ্যাস না থাকায় বিক্রয়কর্মীদের অলস সময় পার করতে দেখা যায়।

স্টেশনের এক কর্মী জানান, প্রায় ৬-৭ দিন ধরে গ্যাসের চাপ কম। মাঝে কিছু সময় চাপ পাওয়া গেলেও আবার কমে যায়। রোববার সকাল ৭টার পর থেকে গ্যাসের চাপ না থাকায় তারা অপেক্ষা করছেন।

তবে পাশের তাসিন ফিলিং স্টেশনে দেখা যায় ভিন্ন চিত্র। সেখানে গ্যাসের জন্য সিএনজি ও প্রাইভেটকারের দীর্ঘ সারি থাকলেও চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না।

মানিক নামে এক সিএনজি চালক বলেন, ‘সকাল ৫টায় গ্যাসের জন্য এসেছি, এখনো গ্যাস পাইনি। গাড়ির মালিককে জমা দেব কীভাবে, আর সংসারই বা চালাব কীভাবে? সামনে মেয়ের স্কুলের বেতন দিতে হবে। এখন কী করব, বুঝতে পারছি না।’

চালকদের অভিযোগ, গ্যাসের সংকটে তাদের দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অথচ প্রতিদিন গাড়ির মালিককে নির্ধারিত টাকা জমা দিতে হচ্ছে। এতে পরিবার চালানোও কঠিন হয়ে পড়েছে।

জাহিদ হোসেন নামে আরেক সিএনজি চালক জানান, প্রতিদিন গাড়ির মালিককে ১ হাজার ২০০ টাকা জমা দিতে হয়। গ্যাসে প্রায় ৪০০ টাকা খরচ হয়। এর বাইরে দৈনিক আরও ২০০ থেকে ২৫০ টাকা খরচ রয়েছে। কিন্তু গত সাত দিন ধরে গ্যাস না পাওয়ায় আয়-রোজগার প্রায় বন্ধ।

মাসুদ ফিলিং স্টেশনের ম্যানেজার মো. শাকিব হোসেন বলেন, প্রায় এক সপ্তাহ ধরে গ্যাসের চাপ নেই। আশপাশের অনেক ফিলিং স্টেশনেও একই অবস্থা। বিদ্যুৎ খরচ করে পাম্প চালালেও গ্যাসের প্রেশার একেবারেই না থাকায় গ্রাহকদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

গ্যাস সংকটের কারণে উত্তরার বিভিন্ন সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। দ্রুত পরিস্থিতির সমাধান না হলে সিএনজিচালিত যানবাহনের চালকদের ভোগান্তি আরও বাড়তে পারে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

দুই মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
দুই মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন।

রোববার (১৬ আগস্ট) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামুনের আইনজীবী পলাশ চন্দ্র রায়।

আইনজীবী জানান, যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি মামুনের জামিন মঞ্জুর করেন। এ মামলায় এক হাজার টাকা মুচলেকা এবং পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন বহাল থাকবে।

অন্যদিকে, ফেসবুক লাইভে এসে আত্মহত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মামুনের জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম।

দুই মামলাতেই জামিন পাওয়ায় প্রিন্স মামুনের কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ঢাকায় আসছেন ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ক্যানেজিয়া

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ঢাকায় আসছেন ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ক্যানেজিয়া

ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ২০২৬ আসরের গ্র্যান্ড ফাইনালে বিশেষ অতিথি হিসেবে ঢাকায় আসছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা এই কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ ছিলেন।

আগামী সোমবার অনুষ্ঠিত হবে ৩৬টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা।

তরুণ ও উদীয়মান ফুটবলারদের উৎসাহিত করতেই ক্যানেজিয়া সৌজন্যমূলক সফরে বাংলাদেশে আসছেন। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা দেবেন তিনি।

বাংলাদেশ সফরকালে ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধা ও অবকাঠামো পরিদর্শন করবেন ক্যানেজিয়া। পাশাপাশি দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে বিকেল ৩টায় শুরু হবে সমাপনী আয়োজন। বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হবে ফাইনাল ম্যাচ। ম্যাচ শেষে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ট্রফি বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

পরে বিকেল সাড়ে ৫টায় আয়োজক ও তারকা অতিথি ক্লদিও ক্যানেজিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

বাংলাদেশে বয়সভিত্তিক ফুটবলের প্রসার, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির সুযোগ বৃদ্ধি এবং তরুণ ফুটবলারদের বড় মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করতেই স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

স্বর্ণের দামে বড় পরিবর্তন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্বর্ণের দামে বড় পরিবর্তন

এক দিনের ব্যবধানেই দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ৫ শতাংশ ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের অলংকার কিনতে গ্রাহকদের গুনতে হবে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। ফলে এক দিনের ব্যবধানে আবারও একই পরিমাণ দাম বেড়ে গেল।

বিভিন্ন মানের স্বর্ণের নতুন দাম

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা

এর মধ্যে ২১ ক্যারেটের দাম বেড়েছে ২ হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটের দাম বেড়েছে ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৪৫৮ টাকা।

এর আগে ১৪ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই মূল্য কার্যকর থাকবে।

তবে স্বর্ণের নির্ধারিত দামের মধ্যে ৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই জুয়েলারি প্রতিষ্ঠানগুলো গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করতে পারবে না। তবে অলংকারের ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি বা মেকিং চার্জ আলাদাভাবে প্রযোজ্য হবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম