খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র, ১৪৩৩

কাচিয়া ইউনিয়নের যুবলীগ নেতা রাজীব হাওলাদারের জন্মদিন আজ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কাচিয়া ইউনিয়নের যুবলীগ নেতা রাজীব হাওলাদারের জন্মদিন আজ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৪ নম্বর কাচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি বাহারুল ইসলাম রাজীব হাওলাদারের জন্মদিন আজ। ঐতিহ্যবাহী কালু হাওলাদার পরিবারের এই নেতার জন্মদিন ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা।

রাজীব হাওলাদার নুরুল আমিন নীরব হাওলাদার চেয়ারম্যানের ভাতিজা। স্থানীয়দের ভাষ্য, কাচিয়া ইউনিয়নের তরুণদের মধ্যে তিনি পরিচিত মুখ এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

জন্মদিন উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয় পর্যায়েও তাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের কথা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।

স্থানীয়দের দাবি, এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন রাজীব হাওলাদার। বিশেষ করে দুর্যোগ ও সংকটের সময়ে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন তারা।

করোনাকালীন সময় এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তার সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা রয়েছে। তরুণদের সঙ্গে নিয়ে সামাজিক বিভিন্ন উদ্যোগেও তিনি সক্রিয় বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

কাচিয়া ইউনিয়নের তরুণদের একটি অংশ মনে করে, স্থানীয় রাজনীতিতে রাজীব হাওলাদারের আরও সক্রিয় ভূমিকার সুযোগ রয়েছে। এলাকার উন্নয়ন, মাদকবিরোধী সচেতনতা এবং তরুণদের সম্পৃক্ত করে সামাজিক কর্মকাণ্ড বাড়ানোর প্রত্যাশার কথাও জানিয়েছেন তারা।

জন্মদিনে রাজীব হাওলাদারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেছেন কাচিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

অস্ত্র–গুলির সঙ্গে পাওয়া গেল আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক সাত ডাকাতের সঙ্গে

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি, ওয়াকিটকি, পুলিশের লোগোযুক্ত হাতকড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পোশাক, গাড়ির ভুয়া নম্বর প্লেটসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়িও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. তৈয়ব আলী সর্দার (৪৫), পাভেল সর্দার (৩৩), সাইফুর রহমান (৪৫), রাব্বি আলম (২৪), ইমরান হোসেন ভূঁইয়া (২৮), নুরুল ইসলাম (৩৩) ও মো. ইসমাইল (২৮)।

পাভেল সর্দার বাংলাদেশ নৌবাহিনীর চাকরিচ্যুত পেটি অফিসার এবং রাব্বি আলম বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সৈনিক। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ১৪ আগস্ট রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কামরাঙ্গীরচর থানার বেড়িবাঁধসংলগ্ন দূরানী ব্রিজের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় ছয়-সাতজনের একটি ডাকাত দল ডাকাতির পরিকল্পনা করতে সমবেত হয়েছে। তারা বিভিন্ন বাহিনীর নাম ও পদবি ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক, ওয়াকিটকি এবং দেশি-বিদেশি অস্ত্র ব্যবহার করে দস্যুতা ও ডাকাতি করে আসছিল।

ওই তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনারের (লালবাগ) নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তৈয়ব আলী সর্দারকে গ্রেপ্তার করা হয়। তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। তাঁর কাছ থেকে দুটি স্মার্টফোন ও একটি পকেট রাউটার উদ্ধার করা হয়।

তৈয়বকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে পাভেল সর্দারকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি কিরিচ, দুটি মুঠোফোন, র‍্যাবের লোগোযুক্ত একটি পরিচয়পত্র রাখার খাপ, সেনাবাহিনীর দুটি ফিল্ড ক্যাপ ও একটি কালো লেজার লাইট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তৈয়ব ও পাভেলের দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এলাকা থেকে সাইফুর রহমান, রাব্বি আলম, ইমরান হোসেন, নুরুল ইসলাম ও মো. ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানবন্দর থানার সেন্টার পয়েন্ট শপিংমলের পার্কিং এলাকা থেকে একটি কালো ওয়াকিটকি সেট, বাংলাদেশ পুলিশের লোগোযুক্ত একটি হাতকড়া, গাড়ির দুটি ভুয়া নম্বর প্লেট, র‍্যাব লেখা তিনটি পোশাক, ডিবি লেখা একটি পোশাক, দুটি প্রতিফলক পোশাক, কালো রঙের পাঁচটি প্রতিফলক স্টিকার, হলুদ রঙের পাঁচটি প্রতিফলক স্টিকার, একটি কালো পিস্তলের খাপ, একটি খেলনা পিস্তল ও তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি ও দস্যুতা করতেন। পরে ইমরান হোসেনের দেওয়া তথ্য ও দেখানো জায়গা অনুযায়ী গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রূপসী গ্রামে তাঁর বোনের বাসা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয়টি গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া তৈয়ব আলী সর্দারের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল আটটার দিকে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাঁর মালিকানাধীন ডাকাতির কাজে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার করা পিস্তলটি তৈয়ব আলী সর্দার পাঁচ-ছয় দিন আগে ইমরানের কাছে হস্তান্তর করেছিলেন। তৈয়ব আলী সর্দারের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও দস্যুতাসহ ৪৫টি মামলা এবং পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানার তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানায়, গত মে মাসে যাত্রাবাড়ী এলাকায় একটি ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে দেওয়া জবানবন্দিতে ওই ঘটনায় তৈয়ব ও পাভেলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এ ছাড়া গত ১৩ জুলাই খিলক্ষেত থানার কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারে ডাকাতির ঘটনায় তৈয়বের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিরা সম্প্রতি একাধিক ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা এবং রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে পৃথক একটি মামলা করা হয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

সুত্র : প্রথম আলো

তানজিলা রহমান । বার্তা বিভাগ । যোগফল অনলাইন 

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ১৫ আইনজীবী গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ১৫ আইনজীবী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের একটি বাসা থেকে ১৫ জন আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থক হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তরবিষয়ক সম্পাদক ইস্কান্দর মির্জা, বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক শুভ আইচ, দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম, নগর মহিলা আওয়ামী লীগের সদস্য সুজলা অন্তরা, নগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন এবং বঙ্গবন্ধু পরিষদের সদস্য সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান, আয়েশা হেভেন ও মো. জাকের হোসেন।

পুলিশের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, উম্মে হাবিবার বাসায় ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

রোববার বিকেলে গ্রেপ্তারদের চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত চার নারী আইনজীবী—কামেলা খানম, সুজলা অন্তরা, শারমিনা ইয়াসমিন ও আয়েশা হেভেনের জামিন মঞ্জুর করেন। অন্যদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আলম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলার পর তাদের আদালতে পাঠানো হয়।

এ ঘটনায় গ্রেপ্তার আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

গত ১৭ বছরের সব হত্যাকাণ্ডের বিচার করা হবে: আইনমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গত ১৭ বছরের সব হত্যাকাণ্ডের বিচার করা হবে: আইনমন্ত্রী

গত ১৭ বছরে দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ়ভাবে কাজ করছে।

রোববার (১৬ আগস্ট) বরিশাল জেলা আইনজীবী সমিতির আধুনিক দশতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আইনজীবীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী অভিযোগ করেন, গত ১৭ বছরে বিএনপির রাজনীতি করার কারণে ৬০ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এমনকি এমন ব্যক্তিকেও মামলায় আসামি করা হয়েছে, যিনি ২০ বছর আগেই মারা গেছেন।

তিনি বলেন, গত ১৭ বছরে দেশের রাজনীতি ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচার বিভাগকে প্রভাবমুক্ত রেখে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। আগের সময়ে বিচার কার্যক্রমে হস্তক্ষেপের যে অভিযোগ ছিল, তা থেকে বের হয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

১/১১-এর সময়কার রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ওই সময়ে বেগম খালেদা জিয়াকে দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। দেশ ছাড়লে সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস এবং রাজনীতি থেকে সরে থাকার কথা বলা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তবে খালেদা জিয়া দেশ ছাড়েননি বলে মন্তব্য করেন মন্ত্রী। অন্যদিকে, দেশের স্বার্থ বিবেচনায় না নিয়ে আরেক নেত্রী বিদেশে চলে গেছেন বলেও তিনি মন্তব্য করেন।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে আসাদুজ্জামান বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। এরই মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে এসব কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

সরকারি ব্যয় কমানোর উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর জন্য ঢাকায় ব্যবহৃত গাড়ির সংখ্যা ২৮টি থেকে কমিয়ে চারটিতে আনা হয়েছে। এতে সরকারি ব্যয় কমার পাশাপাশি যানজটও কিছুটা কমেছে বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীর দৈনন্দিন ব্যয়েও সংযমের উদাহরণ তুলে ধরেন আইনমন্ত্রী।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী। তার দাবি, বাংলাদেশ চেষ্টা করেছে অন্যান্য দেশের তুলনায় শেষ দিকে তেলের দাম বাড়াতে।

আইনজীবীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন আইনমন্ত্রী। বরিশালে এসে আইনজীবীদের পেশাগত চ্যালেঞ্জ ও সমস্যাগুলো কাছ থেকে উপলব্ধি করার কথাও বলেন তিনি।

এর আগে জেলা আইনজীবী সমিতির দশতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা ও দায়রা জজ সৈয়দ ফারুক হোসেন এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম