বাংলাদেশের কাছে হেরে ৩৮ লাখ টাকা জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া
যোগফল প্রতিবেদক:
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর নতুন শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া। ধীরগতির ওভার রেটের কারণে প্যাট কামিন্সদের বড় অঙ্কের জরিমানার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্টও কাটা যেতে পারে।
টেস্টের দ্বিতীয় দিনে নির্ধারিত ৯০ ওভারের বিপরীতে অস্ট্রেলিয়া বোলিং করেছে ৮৬ ওভার। অর্থাৎ চার ওভার কম বোলিং করেছে স্বাগতিক দল।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত ওভার রেটের ঘাটতির জন্য প্রতি ওভারে খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা হতে পারে। অস্ট্রেলিয়ার একজন খেলোয়াড়ের ম্যাচ ফি ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার হলে চার ওভারের ঘাটতিতে প্রত্যেক খেলোয়াড়কে ৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার করে জরিমানা দিতে হতে পারে।
দলের ১১ খেলোয়াড়ের ক্ষেত্রে মোট জরিমানার পরিমাণ দাঁড়াতে পারে ৪৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ লাখ টাকা।
তবে জরিমানা হবে কি না, তা নির্ধারণের সময় ম্যাচ রেফারি তাপমাত্রা, আর্দ্রতা, উইকেট পতনসহ অন্যান্য পরিস্থিতি বিবেচনা করতে পারেন। ডারউইনের প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়া অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের জন্য শাস্তি এড়ানোর সম্ভাবনা তৈরি করতে পারে।
শুধু আর্থিক জরিমানাই নয়, ডব্লিউটিসির পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার ৪ পয়েন্ট কেটে নেওয়ার আশঙ্কাও রয়েছে। বর্তমানে ৮৪ পয়েন্ট ও ৭৭ দশমিক ৭৮ শতাংশ জয়ের হার নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।
অন্যদিকে, বাংলাদেশও ওভার রেটের দিক থেকে পিছিয়ে ছিল। তবে অস্ট্রেলিয়াকে মাত্র ৫৩ ওভারে অলআউট করায় বাংলাদেশের বিরুদ্ধে শাস্তির নিয়ম প্রযোজ্য হচ্ছে না।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল ৮০ ওভারের আগে অলআউট হলে কিংবা দুই ইনিংস মিলিয়ে ১৬০ ওভারের কম খেললে নির্ধারিত ওভার রেটের শাস্তি থেকে ছাড় পেতে পারে। বাংলাদেশ প্রথম ইনিংসে ১৩৮ ওভার ব্যাট করায় অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেই ছাড়ের সুযোগ থাকছে না।
এর আগে ২০২০ সালের বক্সিং ডে টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে ৪ ডব্লিউটিসি পয়েন্ট হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবারও পয়েন্ট হারালে টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণে বড় প্রভাব পড়তে পারে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন