ছত্রিশেই থেমে গেল ‘হিরোজ’ তারকা হেডেনের পথচলা
যোগফল প্রতিবেদক:
মাত্র ৩৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন হলিউডের জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও গায়িকা হেডেন প্যানেটিয়ার। ‘হিরোজ’, ‘ন্যাশভিল’ ও ‘স্ক্রিম’ সিরিজের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই তারকার মৃত্যুতে শোক নেমে এসেছে বিনোদন অঙ্গনে। তার মৃত্যুর বিষয়টি তার প্রতিনিধি ও পরিবার নিশ্চিত করেছে।
রোববার (১৬ আগস্ট) হেডেনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানানো হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম।
শৈশবেই অভিনয়ে পা রাখেন হেডেন। মাত্র ১১ মাস বয়সে বিজ্ঞাপনে কাজের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীতে ‘হিরোজ’ সিরিজে ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। ‘ন্যাশভিল’ ধারাবাহিকেও তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয় এবং দুটি গোল্ডেন গ্লোব মনোনয়ন পান তিনি।
বড় পর্দাতেও ছিল তার উল্লেখযোগ্য উপস্থিতি। ‘রিমেম্বার দ্য টাইটানস’, ‘স্ক্রিম ৪’ ও ‘স্ক্রিম ৬’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন হেডেন। ‘ন্যাশভিল’-এ গান গাওয়ার পাশাপাশি তার গান বিলবোর্ডের কান্ট্রি চার্টেও জায়গা করে নেয়।
ব্যক্তিজীবনেও নানা কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে এই অভিনেত্রীকে। সম্প্রতি প্রকাশিত স্মৃতিকথা This Is Me: A Reckoning-এ প্রসব-পরবর্তী বিষণ্ণতা ও আসক্তির সঙ্গে তার লড়াইয়ের কথা তুলে ধরেছিলেন তিনি।
২০২৩ সালে তার ভাই জ্যানসেন প্যানেটিয়ারের মৃত্যুও তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। হেডেনের অকালপ্রয়াণে সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। মাত্র ৩৬ বছর বয়সে তার চলে যাওয়া হলিউডে তৈরি করেছে গভীর শূন্যতা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন