হাত মেলাননি মেন্দেস, নেইমারের সঙ্গে পুরোনো দ্বন্দ্বে নতুন উত্তাপ
যোগফল প্রতিবেদক:
ব্রাজিলিয়ান ফুটবলে নেইমার ও থিয়াগো মেন্দেসের পুরোনো দ্বন্দ্ব যেন আবারও নতুন করে আলোচনায়। ভাস্কো দা গামা ও সান্তোসের ম্যাচ শুরুর আগে সৌজন্য বিনিময়ের সময় নেইমার হাত বাড়িয়ে দিলেও তাতে সাড়া দেননি মেন্দেস। বরং ইচ্ছাকৃতভাবেই নেইমারকে এড়িয়ে যান ভাস্কোর এই মিডফিল্ডার।
রোববার সাও জানুয়ারিওতে ম্যাচ শুরুর আগের এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুজনের পুরোনো বিরোধ নিয়ে আবারও শুরু হয় আলোচনা।
ঘটনার পর নেইমারের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে দুঃখ প্রকাশের ইমোজি দেওয়া হয়। এর মধ্যে গ্যালারিতে সমর্থকদের হাতে নেইমারের কান্নার মুখের মাস্ক দেখা গেলে ম্যাচের উত্তাপ আরও বেড়ে যায়।
নেইমারের ঘনিষ্ঠ বন্ধু জোতা আমানসিও সামাজিক যোগাযোগমাধ্যমে মেন্দেসের সমালোচনা করেন। তিনি ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহোর একটি পুরোনো বক্তব্য শেয়ার করে পরোক্ষভাবে ভাস্কোর মিডফিল্ডারকে কটাক্ষ করেন।
নেইমার ও মেন্দেসের বিরোধের সূত্রপাত ২০২০ সালে ফরাসি লিগ ওয়ানে। সে সময় নেইমার পিএসজির হয়ে এবং মেন্দেস লিওঁর হয়ে খেলতেন। এক ম্যাচে নেইমারের গোড়ালিতে গুরুতর চোট লাগার ঘটনায় মেন্দেস লাল কার্ড দেখেন। পরে তিনি ক্ষমা চাইলেও সেই ঘটনার রেশ পুরোপুরি কাটেনি।
ব্রাজিলের ফুটবলে দুজনের প্রত্যাবর্তনের পর চলতি বছর সেই দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে আসে। সাম্প্রতিক এক ম্যাচে মেন্দেসের ফাউলকে কেন্দ্র করে নেইমারের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে মেন্দেস নেইমারের মুখে হাত দিলে মাঠে পড়ে যান নেইমার। দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি।
শুধু মাঠেই নয়, বিরতির সময় টানেলেও দুজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে গণমাধ্যমের সামনে মেন্দেসকে নিয়ে কড়া মন্তব্য করেন নেইমার।
সবশেষ ম্যাচের আগে হ্যান্ডশেক প্রত্যাখ্যানের ঘটনায় সেই পুরোনো বিরোধ আবারও সামনে এসেছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি নেইমার ও মেন্দেসের সম্পর্কের তিক্ততাও যে এখনো কাটেনি, এই ঘটনাকে তারই নতুন প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন