যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
যোগফল প্রতিবেদক:
রাজধানীর কামরাঙ্গীরচরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় স্বামী মো. সানাউল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সানাউল্লাহ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এরশাদ আলম জর্জ জানান, মামলায় সানাউল্লাহর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও নয় আসামিকে খালাস দিয়েছেন আদালত।
খালাস পাওয়া আসামিরা হলেন—আলী হোসেন, মিন্টু মিয়া, নুর ইসলাম, শহিদুল্লাহ, মো. কালু, শহিদুল, বেগম, রেনু বেগম ও আ. খালেক।
মামলার নথি অনুযায়ী, ২০০৫ সালের ২৮ নভেম্বর সানাউল্লাহর সঙ্গে রুবিনা আক্তার পিংকির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য পিংকিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন সানাউল্লাহ।
একপর্যায়ে যৌতুক না পেয়ে ২০০৬ সালের ২ মে পিংকির শরীরে গরম পানি ঢেলে দেন তিনি। গুরুতর দগ্ধ অবস্থায় পিংকির চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিংকি মারা যান। এ ঘটনায় তার বাবা কামরাঙ্গীরচর থানায় মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মামলায় সানাউল্লাহর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তির রায় দেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন