অভিনয়ের পাশাপাশি ব্যাংকে চাকরি নিলেন তমা মির্জা
যোগফল প্রতিবেদক:
অভিনয়ের পাশাপাশি এবার নতুন পেশায় যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। প্রায় তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি—ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে কাজ করছেন তিনি।
তবে নতুন চাকরিতে যোগ দিলেও অভিনয় ছাড়ছেন না তমা। তার ভাষায়, অভিনয়ই তার প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা। তাই ব্যাংকের দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত অভিনয় চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
তমা মির্জা জানান, ব্যাংক কর্তৃপক্ষ তার অভিনয়ের বিষয়টি ইতিবাচকভাবে দেখছে। ফলে চাকরির পাশাপাশি অভিনয় চালিয়ে যেতে কোনো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে না।
নতুন পেশায় যুক্ত হওয়াকে জীবনের ভিন্ন অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই অভিনেত্রী। তিনি বলেন, খুব বেছে বেছে বছরে এক-দুটি সিনেমায় কাজ করেন। তাই অভিনয়ের বাইরে অন্য একটি ক্ষেত্রে কাজ করার সুযোগকে নিজের অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ হিসেবে নিতে চান।
আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরে আসেন তমা মির্জা। তবে বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন না তিনি। গল্প ও চরিত্র পছন্দ হলে বেছে বেছে সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি এবার করপোরেট জগতের নতুন অভিজ্ঞতা তমার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেছে। নতুন পেশার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজেকে আরও সমৃদ্ধ করতে চান তিনি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন